কিশোর-কিশোরী স্বাস্থ্য এবং সুস্থতা
ফ্ল্যাশকার্ডের ব্যবহারবিধি

ফ্ল্যাশকার্ডের ব্যবহারবিধি

ফ্ল্যাশকার্ডের ব্যবহারবিধি

ফ্ল্যাশকার্ড যারা ব্যবহার করবেন

স্বাস্থ্যকর্মী, কিশোর-কিশোরী ও যুব সমাজের সহায়ক বা পিয়ার এডুকেটর এবং স্কুলের শিক্ষক ফ্ল্যাশকার্ডটি ব্যবহার করবেন।


ফ্ল্যাশকার্ড যাদের জন্য ব্যবহার করা হবে

  • ১০ থেকে ১৯ বছর বয়সের কিশোর-কিশোরীদের সাথে পিয়ার/পিয়ার এডুকেশন পরিচালনা করার জন্য ব্যবহার করা হবে।

  • এছাড়া কিশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা, দলীয় সভা, স্বাস্থ্য সমাবেশ, প্রশিক্ষণ কর্মসূচি, কিশোরবান্ধব স্বাস্থ্যকেন্দ্র এবং মা–বাবাদের নিয়ে উঠান বৈঠকে ব্যবহার করা হবে।

  • কিশোর-কিশোরীদের যারা বয়সে একটু বড় (১৪ বছর বা তার বেশি), তাদের জন্য নিরাপদ মাতৃত্ব, গর্ভকালীন বিপদসংকেত, পরিকল্পিত পরিবার ইত্যাদি বিষয়গুলো আলোচনা করতে হবে।


সহায়কদের জন্য ফ্ল্যাশকার্ড ব্যবহার বিধি

  • ব্যবহারের আগে ভালোভাবে পড়ে বিষয়ের উপর যথেষ্ট ধারণা এবং সংশ্লিষ্ট চিত্র আয়ত্ত করে নিন।

  • প্রতিটি আলোচনায় যেই বিষয় আলোচনা করা হবে শুধুমাত্র সেই কার্ডটি সেশনে নিয়ে যাবেন।

  • ৮ থেকে ১২ জন সদস্যের দল গঠন করে নিন (প্রয়োজনে ২–৩ জন বাড়ানো যেতে পারে)।

  • প্রয়োজন অনুসারে কিশোর-কিশোরীদের আলাদা আলাদাভাবে কিংবা দলীয় কাজ পরিকল্পনা করা যেতে পারে; এতে অংশগ্রহণমূলক আলোচনা সহজতর হবে।

  • উপস্থিত সকলকে এক সারিতে U আকৃতিতে বসাতে পারেন। এতে সকলেই সহায়কের কথা শুনতে এবং ছবি দেখতে পাবে।

  • সভা শুরুর আগে আলোচ্য বিষয়ের উদ্দেশ্য বলুন। প্রশ্ন করে জেনে নিন দলের সদস্যদের মতামত। বিস্তারিত বলার আগে বিষয়টি কেন নির্বাচিত করা হয়েছে তা বলে নিন।

  • আলোচনা যথাসম্ভব অংশগ্রহণমূলক হওয়া উচিত, তা না হলে উপস্থিত সকলের বৈরক্তি ঘটতে পারে। আলোচনা সহজ, প্রাণবন্ত ও সংক্ষিপ্ত করুন।

  • উপস্থিত সকলকে প্রশ্ন করতে উৎসাহিত করুন।

  • সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করুন।